Sunday, September 10, 2023

নতুন শুরু...

 


নতুন শুরু...


যত্ন করে আস্থা কিছু রেখে দিও আমার, সঙ্গে রেখ আমার কিছু বদভ্যাসের অভ্যাস। নিজে হেরেছি, তবু কিছু হারিয়ে ফেলতে চাইনি। বিশ্বাস করো খুব চেষ্টা করেছি, বেশ কিছুটা সময় থেকেছি, পাশে। মন রেখেছি, ক্ষুদ্র সামর্থে রেখেছি মানও। অনেক জ্বালিয়েছি সকলকে, হাসিয়েছি, এমনকি কাঁদিয়েছি পর্যন্ত। মনে আঘাত দিয়েছি যেমন , তেমন আঘাত মেনেও নিয়েছি, হাসিমুখে, অগোচরে । ভালোবেসে কথা দিয়ে রেখেছিলাম, মন খারাপ করবো না, তাই সেই মন খারাপের অধিকারটাও হারিয়েছি। মনে পড়লে একান্তে? আনমনে একটু হেসেই নেব না হয়, পুরুষ মানুষের চোখে জল আসতে নেই...শোনা কথা, আর তাই সোনার কথা। অনেক কিছুই সব একধাক্কায় বন্ধ হতে হবে এবার । মনে হয় জীবনের এক অরাজক পথের বাঁকে দাড়িয়ে আমি, আর কেউ যেন হাত পা বেঁধে, কলার টেনে সব কিছু একটা একটা করে কেড়ে নিচ্ছে জীবন থেকে। ভালোবাসার মানুষ, এই সম্পর্ক, এই আত্মীয়তা , এই সব কিছু এক নিমেষে। গলা তার নিজের বশে চেপে বসে যায়, আমার কোনো নিয়ন্ত্রণ নেই। বৃষ্টি ঝরিয়ে ভিজে আসে দৃষ্টি। আর কখনো কলেজের তাড়াহুড়োয় সকালে ঘুম ভাঙ্গবে না। আর কখনো মাকে বলতে হবে না বেশি করে পাঁপড় ভেজে দেওয়ার কথা। সত্যিই তো, না খেয়ে আর বেরিয়ে পড়ব না কখনো দেওয়া সময়ে কথা না রাখতে পারার আশঙ্কায় । আর কখনো মাঝ রাস্তায় চেন ছিড়লে সাইকেল নিয়ে হাঁটা পথে বাড়ি ফিরতেও হবে না। আর কখনো বৃষ্টিতে ভিজে সাইকেল চালাতে হবে না। আমার অপেক্ষায় থাকবে না ওই মোর মাথায় আর কেউ, আর কাউকে ভাঙ্গা কোরিয়ার টায় বসতে বলতেও হবে না আমাকে। ফাঁকা রাস্তায় ওই বাঁকে কখনো গিয়ে পড়লে ছলছলে চোখটা একটু ঐগাছের নিচে যাবে হয়তো, হয়তো বা বুকটা একটু মুষরে উঠবে, হয়তো বা চলার গতি হবে একটু মন্থর, বা থেমে যেতেও পারে কিছুটা সময়। আর কাউকে বাড়িতে লুকিয়ে একসাথে 3 টে টিফিনও আনতেও হবে না। আর তোমাদের কারো টিফিন চুরি করে, কেড়ে খেয়ে নেবো না কোনোদিন। খাওয়ার সময় আর কোনো বিশৃঙ্খল ফটো উঠবে না। আর কখনো করো পাশে দাঁড়িয়ে ফটো নেওয়ার আশা জাগবে না মনে। এবার তো কাউকে শাড়িতে দেখার প্রত্যাশাটাও কেমন যেন তার অধিকারে অনধিকার প্রবেশ বলে মনে হবে। কথা দিলাম আর কারো ওড়নায় কোনোদিন হাত মুখ মুছে বিরক্ত করব না। এক প্লেট বিরিয়ানি আর কখনো দুটো প্লেটে আসবে না। আর কাউকে সাধ করে, " কিছু খাওয়াবে ?" এটাও বলতে পারবো না। বা ধরো "আজকে কী তরকারি আনছো?" এটা ফোন করে জানব না। বা, কেউ ফোন করে চপ, সিঙ্গারা বা বেশি করে পাঁপড় আনার কথা বলবে না আমাকে কখনো। আর কারো ফোনের মেমোরি অহেতুক ফটো বা পিডিএফ-এ ভর্তি করব না । এবার যদি জ্ঞান হারাই কার কাধে দেব মাথা , আর কার কোলেতেই বা চোখ খুলবে। বা, আর কখনো মনে মেঘ ও মুখে কৃত্রিম হাসি নিয়ে মায়ের কাছে ধরা খাব না। আর মাকে কোনো অসুস্থতা লুকাতেও হবে না। আরও , আরও আছে... আরও কতো কিছু, সবই যাবে থেমে। থামবে না শুধু এই জীবন... এটা চলতেই থাকবে, একাকী। কখনো নিরিবিলি কোনো গাছ তলায়, কখনো কোনো একান্তে ঘাটের ধারে, কখনো বা ভিড়ে ঠাসা প্রখর রৌদ্রে রাস্তার মাঝে। নিরাপদ জীবনের সফলতা যখন আসেনি এখনও, চলতেই হবে একাকী। এই লেখা বিদায়ী নয়, এই লেখা হোক নতুন পথ চলার। আমাকে মনে করো কোনো মৃত এক জোনাকি আলো দিয়ে শুধু রাত টুকু তোমাদের সঙ্গে থাকতে চেয়েছিল । তোমাদের ভোর আসবে, সূর্যোদয় হবে, হবেই। ভোরের আভায় তখন এই জোনাকির নিষ্প্রভ আলো মলিন হয়ে মিশে যাবে তোমাদের জিবনে। এই জোনাকির ভরসায় আঁধার না আসুক আর, সেই আশায় ঘর বেঁধেছি। ধরে নিয়েছি, জিবনে না হয় একটু বেশিই কম ভালোবাসা পেয়েছি, কিন্তু পেয়েছি। মাবাবার জন্যই তো এতদিন শ্বাস নিচ্ছিলাম... আর একটা শ্বাস না হয় তোমাদের জন্য এই জিবনে যোগ করলাম। বাতাসে চুলের উড়ে যাওয়ায় বাস্তবের ব্যস্ত মন আবেগী হয় না আর... ওটা যেন পাষাণ হতে হতে আবেগহীন ক্লান্ত... শান্ত...। তবু এই পাষাণ হৃদয় চায় রেশটা থাক, এটা বেশ মনোরম, হ্যাঁ... এই রেশ কখনো না কাটুক, এটা থাক...

শপথ করে মন...


" গভীর নদী সামনে যখন

   সাঁতরে নেব পাড় 

   তবু মন খারাপের ভেলায় আমি

   ভাসবো নাকো আর...

  চোখের জল, ভালোবেসে নদী দেবে ধুয়ে

  মা যেমন সন্তানেরে,

  ভোলায় পাশে শুয়ে..."💞😌


নতুন করে জীবন শুরু করার অভিপ্রায়ে এখানেই শেষ করলাম...।

তোমাদের শুভ যাত্রায় আমার শুভকামনা সবসময় থাকবে...🌼💞🙏😌 


সকলে খুব খুব ভালো থেকো... মনে না পারলেও অন্তত একজন ভেবে গুনে রেখো..💞🌼🙏




 

Sunday, September 3, 2023

অস্তিত্ব WANTED

 





প্রতিদিন হারছি...  হারাচ্ছি...
হারবো জেনেও এই লড়াই। এই লড়াইটাই অভ্যাস। সূর্যের প্রখর রোদ আরও প্রখর হয়েই আমাতে পড়ুক। আমার প্রার্থনা তাদের কম হতে কখনো বলেনি, বলবে না।  পড়ে গেলেতো সেই প্রকৃতির বুকেই পড়বো। চোখ খুলি যেন কোনো প্রিয়জনের কোলে... আবার উঠে দাঁড়াব । আর চোখ যদি আর না খোলে  তবে? আমি কে? কেউ না। আমি আমার নিজেরও কেউ না। নিজের শ্বাস আমি নিজে নিয়ন্ত্রণ করি না, সব কিছু এমনি হয় । আমার দেহে রক্ত চলাচল টাও আমার মতামতে হয় না। তেমনি খিদে ঘুম চিন্তা দুশ্চিন্তা এরা সবাই আমার অবাধ্য, অবোধ্যও । কেনো আমার বিনা অনুমতিতে নির্লজ্জের মতো এরা সবাই আসে , যায়, আবার কখনো আসে না, আবার এসে যেতেও চায় না মাঝে মাঝে , আমি সে সব কিছুই বুঝি না। এই সবের মাঝে আছে এক মন, তার আবার আছে এক স্বপ্ন। আর এই স্বপ্নতে আছো তুমি। আর অবোধ আমি এই স্বপ্ন আমার বলে দাবি করি, আর সঙ্গে তোমাকেও । হ্যাঁ, এই অন্যায় দাবি আমার। কখনো তো মনে হয় এই মন টাও আমার নয়, অন্যের। অন্যের ছাড়া নিজের কথা ভাবেই না। তাহলে আমি কে? আমার অস্তিত্ব কোথায়? নিরুদ্দেশ আমি! দেখি, কাল সংবাদপত্রে একটা বিজ্ঞাপন দেবো...

" অস্তিত্ব wanted" 

চেহারা : শ্যামলা পাতলা লম্বা কালো চুল, চোখে আছে তার স্বপ্ন দেখার ভুল।" দেখা পেলে সত্বর যোগাযোগ করবেন নিচে দেওয়া  মনের ঠিকানায় : অচেনা শহর ; স্বপ্ন নগর 2 no. রোড;  কলকাতা 700008 . "

Tuesday, August 29, 2023

জঞ্জাল




আত্মীয়তা তো ওই ছেঁড়া বাতিল কাগজের টুকরোগুলোতেও অনুভব করি যেন... কই একেবারে কখনো বাইরে ফেলে দিতে পারিনা তো। কোথায় যেন বাঁধে... হ্যাঁ, কোথাও যেন বাধে। প্র্যাকটিকামের খাতায় স্থান না পাওয়া ওই অভাগা পাতা গুলোয় যেন কোনো এক বিশেষ আবেগ , কোনো এক মায়া অনুভব করি। তাই তাদের একটা আলাদাই ফাইল বন্দী করেছি। ওগুলো তোমার জঞ্জাল, আমার আবেগ। ওরা যেন জীবনের কোনো এক সুন্দর সময়ের শহীদ। ওরা কোনো কিছুকে যোগ্য ও সুন্দর করে নিজেদের নিমেষে বলি দিয়েছে। ওদের নিয়ে আবেগ থাকবে বৈকি...। আমার আবেগ আধাঁরে নিভৃতে কাঁদে... সেগুলো কথা বলে, ভারি মিষ্টি স্মৃতি উপহার দেয়, আর আমাকে ভালোবাসে, অনেকটা... যেমন টা কেউ কখনো বাসেনি। ভালোবাসা কোনো বস্তু হতেও অনুভব করা যায়, ব্যক্তি তো সর্বদা নাও থাকতে পারে জিবনে, পাশে...। এই এতটা পথ পেরিয়ে বুঝি , ছেঁড়া পাতায় যদি তোমাকে মনে না পড়ে, তাহলে সে পাতা আমার " জঞ্জাল "। আর শুধু ছেঁড়া পাতাই কেন, সেই ভাঙ্গা মন আজও কোথাও বেঁচে আছে। কখনো সেই ভাঙ্গা মনেই মনেপড়ে যায়... কে যেন কখনো আমাকে বলেছিল, - "জঞ্জাল!"।  জঞ্জাল নিভৃতে কেঁদেছিল...।🙂

Sunday, August 20, 2023

জীবন স্রোত...




সবাই দুর্দান্ত...!

হ্যাঁ, সবাই দুর্দান্ত ক্লান্ত...

জীবনের পথ চলায় আমরা সবাই এই কয়েকটা দিন একসাথে পা মিলিয়ে চলেছি। জীবন আবার চেনা ছকে চলে না। অনিশ্চয়তা থাকবেই, আর এর জন্যই জীবন টা হয়তো এত সুন্দর। অচেনা জনগুলো চেনা হতে হতে কোথায় যেনো হারিয়ে যায়। এই হারিয়ে যাওয়া অনেক প্রত্যাশার ছোট ছোট নদ নদী নিয়ে। জানি সকলেই সাগর পাড়ি দেবো একদিন , তবে প্রত্যাশার মোহনাস্থল গুলো ভিন্ন। এখন মন চায় কোনো একটা মোহনায় একসাথে সকলে পাড়ি দিতে। কিন্তু  জীবন কারো  প্রত্যাশী নয় । জীবন চায় আরও শাখা নদীর জন্য প্রস্তুত হতে, সে বলে আরও উপনদীর আগমনের কথা ও আরও নিস্বার্থ মিলনের কথা। আর হ্যাঁ, সর্বপরি সর্বদা আরও ভালোবেসে সামনে ভেসে যাওয়ার কথা। এই নদ নদীর জলে কত জনই না চাষাবাদ করে, নদীপাড় কেটে কিছু জল নিয়ে অন্য জলাশয়ে সঞ্চয় করে রাখে, জীবন যাপন করে। কত পরিবার সপরিবারে খেলা করে , সাঁতরে যায়, ডিম পাড়ে, কত জনই যে দাঁড়  টেনে জীবন দাঁড় করাতে চায় নদী তার হিসেব রাখে না, জীবনও তাই এই হিসেব রাখবে কীভাবে। জীবন জানে তার কিছু স্মৃতি ওই জলাশয়ে আছে সঞ্চিত। সময় হলে সেও বছরে দুই এক বার দুকূল ছাপিয়ে ওই স্মৃতির জলাশয়ে গিয়ে ঝাঁপ দেয়, সমৃদ্ধ করে আসে, সমৃদ্ধ হয়েও আসে। কোনো জীবন ভালোবাসে পার্বত্যভূমি, সে চায় ঝর্না হয়ে সশব্দে কোনো উঁচু পর্বত বা পাহাড় থেকে নিচে ঝাঁপিয়ে পড়তে। কেউ সমভূমি দিয়ে দূষিত ক্লান্ত যমুনা হয়ে প্রবাহিত হতে, কেউ আবার  ঘন জঙ্গলের মধ্য দিয়েই পরিশ্রুত বেশে নিঃশব্দে নেচে চলতে। ঠিক যেমন সকলের জীবনের লক্ষ্য  উদ্দেশ্য ছন্দ ও পছন্দ ভিন্ন। এই ভিন্নতাই বৈচিত্রতা, এটাই সুন্দর। সকলের বুকেই সূর্য উদয় হয়, একই ভাবে অস্তও যায়। স্বপ্ন আমাদের একটাই... ' সেই কোনো একদিন সকলে মিলে সাগরে একসাথে সূর্যোদয় দেখা '। কিন্তু সেই পথ এখনও অনেক দীর্ঘ। এখনও কত পূর্ণিমার চাঁদ সকলের বুকেই প্রতিফলিত হ‌ওয়ার আছে । তাই সমভূমিতে জীবনগুলোর সৌন্দর্য নিয়ে পরিচিত বা অপরিচিত লেখকজনেরা একটু বেশিই বাড়াবাড়ি করেন  । কিন্তু ওই সকলের আড়ালে, ঘন জঙ্গলের ভিতরে জীবনের বুকে প্রতিফলিত হ‌ওয়া চাঁদটার কথা, সেই জীবনের ভালোবাসার কথা কেউ জানতেও পারে না। পূর্ণিমাতে সে খুব বেশি আনন্দিত হয় না যেমন, অমাবস্যাতেও তার দুঃখ বন্ধু হয়ে পাশে বসে না আর ,  কোনো উপায় নেই। কখনো সে মৃত, কবরস্থ। ভালোবেসে সে বুকে আশ্রয় নেয় বালি , ও পাষাণ পাথর। আকাশে ভালোবাসার পূর্ণিমা ওই পাষাণ হৃদয়েই উঁকি  দিয়ে যায় , তখন কি তাকে বুকে ধরার সৌভাগ্য আর হয়? তা হয় না।  এই ভালোবাসায় কবিদের নজর লাগে না। তার ভালোবাসা থাকে অন্তরালে, অলিখিত, অলক্ষিত। তার প্রেমের ভাষাও আলাদা, এই ভালোবাসা স্বচ্ছ কাচের মতো পরিষ্কার । এই ভালোবাসা অনেক বেশি সম্মানের। অনেক বেশি গোপন, গোপন প্রতিফলনও। কালো মেঘ যদি তার ভালোবাসা ঢেকে দেয় কখনো, এই নদী চায়, এই জীবন চায় ওই কালো মেঘের প্রতিটা জলবিন্দু কে নিজের বুকে ধরে তার ভালোবাসার মুখে হাসি আনতে। আর তখন প্রকট যেন পূর্ণিমার স্বরূপ। সেই  প্রশান্তিতে ভরা পূর্ণিমা চাঁদ সেই বুকে ঢেলে দেয় তার ভালোবাসা। এই চাঁদের কলঙ্ক গুলো জীবন তার জীবন স্রোতে দেয় ধুয়ে , নিয়ে যায় ভাসিয়ে সাগরে চিরকালের মতো। যেখানে উদয়ীমান সূর্যদেবতার কাছে নিজের জীবন অঞ্জলী দিয়ে করে ভালোবাসার মঙ্গল কামনা , "সে যেন সর্বদা ভালো থাকে, সে যেনো সুখী হয়..." জীবন দেখায়, শেখায় ভালোবাসার স্বরূপ ত্যাগ, ত্যাগ স্বীকার। ভালোবাসায় ত্যাগস্বিকার, ত্যাগ স্বীকারই ভালোবাসা। 

ক্লান্তি জীবন কেড়ে নিলেও ভালোবাসা কেড়ে নিতে পারবে না, কোনো দিন না...

Wednesday, August 16, 2023

ভালোবাসার কী দরকার?

 





ভালোবাসার কী দরকার...


শুধু চোখে চোখের দেখা দেখা, আর? আর শুধু ভেবে চলা ,আর চলার পথে ভাবা...। এটাই ভাষা। সেই ভাষার কী বা দরকার যার জন্য শ্রোতার প্রত্যাশী হতে হয়? অন্যের উপস্থিতি থাকতে হয়। ভাষাহীন নিজেকে অনুভব করাই যায়। ভালো সেই শিশুও বাসে, যার এখনও ভাষা নেই। ভালোবাসাও ভাষার খোঁজ রাখেনি...

তাই, ভাষার কী দরকার?

আর, ভালোবাসার কী দরকার...

ভালোবাসা পাওয়ার কী দরকার...

বেলিফুল





এই পৃথিবী প্রতিদ্বন্দ্বিতায় ঠাসা, আবেগহীন প্রতিদ্বন্দ্বিতা। এখানে আবেগে লাল কালির দাগ। হৃদয়হীন রোবট গুলোর আনাগোনা চারপাশে। একবার মনেহয় হৃদয়টা খুলে রেখে রোবট হয়ে যাওয়ার উপায় থাকলে ভালো হতো। তাহলে অন্তত ভালো থাকতাম। হৃদয় থাকলেই যেমন সে অন্যকে তাতে রাখবে বলে উতলা হবে, আবার তেমনি আর এক অন্য হৃদয়ে ঠাই পাওয়ার জন্যও এটা অত্যন্ত ব্যাকুল হয়ে উঠবে। আর হৃদয়ের খোঁজে নতুন জায়গায় পাড়ি দেওয়ার সাহস আমার নেই, অবকাশও নেই আর। তাই, এটার এই জগতে এমনিতে দরকার ও বিশেষ নেই। কখনো কখনো অনুভব করি যেন এক মানসিক রোগ নিয়ে জন্মেছি। মাথার ভিতর কে যেনো একটা হাতুড়ি মারতে থাকে আমার স্বপ্নঘুম গুলোকে। সে স্বপ্নে অন্ধকার রাস্তায় আমি একা হাঁটতে থাকি। কুকুরগুলো ফুটপাতে শুয়ে মাঝে মাঝেই তুচ্ছ কারণে চিৎকার করে ওঠে। হাঁটতে থাকি... অন্ধকারে পেছন থেকে কে যেন আমাকে একধাক্কায় রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। উঠে বসি , উঠে দাঁড়াই, আবারও চলতে থাকি। বেশ কিছু পথ যাওয়ার পর আবারও ধাক্কা লাগে , আবারও পড়ে যাই। এই বার এক হালকা যন্ত্রণা অনুভব করি যেন। মুখতুলে দেখি এটা অন্য এক ধাক্কা, একখানা মিষ্টি মুখ, যেন অনেক দিনের চেনা, আমায় ভেতর থেকে জানে কেউ, বোঝে কেউ এমন একজন। উঠতে গিয়ে আবারও পড়ে যাই, কোথায় আঘাত লেগেছে বুঝতে পারছি না ঠিক। সে আমার হাত ধরে আমাকে তোলে। আমার হাতে তার হাতের কোমল স্পর্শে বুকের যন্ত্রণা ভুলে যাই। কিন্তু  একি...! তার চোখে জল কেনো? দুই চোখে অনবরত অশ্রুধারা বয়ে চলেছে তার। আমার জীবনের এই অন্ধকার রাস্তার অন্য প্রান্ত হতে হাতে ফুল নিয়ে হাঁটছিল সে, 'বেলি ফুল'। হাতে তার বেলিফুলের মালা। হয়তো বা তার কোনো বিশেষ প্রিয় মানুষের জন্যই এটা গাঁথা। কে জানে, হয়তো সেই তার  উদ্দেশ্যেই সে কোথাও হাঁটছিল। হয়তো ওই ফুলগুলিও তারই জন্য। আর আমি একধাক্কায় তার সেই সব ফুলগুলো মাটিতে ফেলে দিয়েছি। ছি...ছি... এ আমি কী করেছি! ভুল করেছি আমি। শাস্তিও মাথা পেতে নেব, সে দিলে । ফুলগুলি একটা একটা করে কুড়াতে থাকি আমি, ভাবি জিজ্ঞাসা করি, " আমার এই অন্ধকার রাস্তায় তুমি এই ফুল নিয়ে কী করছো? কাকে দেবে? কে নেবে আমার এই রাত্রি বেলায়?' অবশেষে কিছুই জিজ্ঞাসা করি না, সব ফুলগুলো তাকে দিয়ে দিই। তার হাসিমুখে আমার অন্ধকার ভোরের আকাশে সূর্য দেখা দেয় । হাসিমুখে সে চলে যেতে থাকে। নিস্তব্ধ রাস্তায় আমি দাঁড়িয়ে দেখি তার এক পা, এক পা, করে মিলিয়ে যাওয়া। হঠাৎ দেখি আমার হাতে তখনও একটা ফুল, হ্যাঁ বেলি ফুল! হাতে লেগে ছিল কোথাও, অন্ধকারে ভালো করে দেখিনি, হাতেই লেগেছিল কোথাও । কিন্তু এটাতো আমার ফুল নয়, এটা ওই মেয়েটির ভালোবাসার ফুল। আমি এটা কীভাবে রাখি নিজের বলে, আমি এর অন্যায় অধিকারী হতে পারি না। সে অধিকার আমার নেই, এটা অন্যায়, এটা অনুচিত...। ফিরিয়ে দেব বলে চেঁচিয়ে ডাক দিলাম , " এই বেলিফুল...!! তোমার ফুল নিয়ে যাও!" মুখ তুলে দেখি সে নেই। চলে গেছে। ভাবতে থাকি, " এই ফুল আমার কাছে নষ্ট হয়ে যাবে, এই আগুনে পোড়া জিবনে এই ফুলটাকে কী ভাবে অক্ষত রাখবো আমি, আমি যে এটাকে নষ্টই করে ফেলবো, তুমি এই ফুল নিয়ে যাও... নিয়ে যাও এই ভালোবাসা, নিয়ে যাও... ।" আমার সূর্যদয় হতে হতে হলো না। কালো মেঘে আকাশ সেজে উঠেছে, আঁধার ঘনিয়ে এলো। ফুলটা হাতে নিয়ে ভালো করে দেখতে গিয়ে চোখ থেকে একফোঁটা অশ্রু গড়িয়ে তাতে মুক্ত বিন্দু হয়ে গেলো। নিমেষে বৃষ্টি নামলো আকাশে। বিদ্যুৎ চমকাতেই দেখি হাতে ধরে থাকা ফুলটায় আমার অশ্রু ফোঁটায় বৃষ্টির ফোঁটা মিশেছে, আর কিছু বোঝা যাচ্ছে না। আর কেউ কিছু কখনো কোনোদিন বুঝতে পারবে না। ধুয়ে গেছে সেই অশ্রু... ধুয়ে যাবে আছে যাকিছু, যতটুকু। তবু চেস্টা। দ্রুত বুকের বাম পাশের পকেটে ফুলটা আলতো করে ধরে রেখে বৃষ্টিতেই হাঁটা দিলাম... বেলিফুল বুকেই হাঁটা দিলাম...। আচমকাই আবারও কে যেনো মাথায় ভেতর থেকে হাতুড়ি দিয়ে ঘা দিল! ”আ...হা..!” বলে চিৎকার করে যন্ত্রণায় চোখ বুজে জ্ঞান হারালাম। চোখ খুলে দেখি বিছানায় আমি... মাথায় তখনও ব্যাথা...।

Tuesday, August 15, 2023

বাঁধন

 



বাঁধন

বাঁধন খুলতে তখনও চোখে জল আসতো। মায়ের আঁচলের বাঁধন। অপু দিবা নিদ্রায় বন্ধুত্ব কখনো করতে পারে নি। এখন নিদ্রা তাকে রাত্রেও একা ছেড়ে দিয়েছে। এখন আঁচল আছে, বাঁধন নেই। সে ভাবে মাকে জিজ্ঞাসা করে, " আচ্ছা মা, তুমি আমাকে আর এখন বেঁধে রাখনা কেনো তোমার আঁচলে?" শোষণ গুণে এ যেন সেই বিশল্যকরনী ... ছেলে বেলায় ঘাম , ভিজে হাত মুখ মাথা আর এখন, চোখের জল গোপনে...আগে ছেড়ে যাওয়ার আকুতি বায়নায় সেই জল...আর এখন

ছেড়ে যাওয়ার আফসোসে। সে জানে, মাও বোঝে... কোথাও বাঁধা পড়লে মা-ই আগে বোঝে। আশ্রয় পায় সেই মমতাময়ী আঁচলে। সে ভাবে, " আমাকে তুমি সারাজীবন বেঁধে রেখো মা, কোথাও নতুন করে বাঁধা পড়তে যাতে না হয়।" 

এখন বাঁধন খুললে চোখে জল আসে...🌧️🌧️🌧️


When the পার্টস অব স্পীচ are mirror of Society

যেটা মনে রাখবেন অবশ্যই! একজন চেয়ার লোভী noun ই কেবলমাত্র অন্য একজন চেয়ার লোভী noun এর সুনাম বা বদনাম করতে পারে এটা কি জানেন? আপনি কি ভাবছ...